স্বাস্থ্যসেবাকে লাখো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন ফাহরিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:০৭

রেজাউল ইসলাম রেজা

উদ্যোক্তা শব্দটি তরুণদের জন্য একটু বেশিই মানানসই। দেশের স্টার্টআপ জগতে যাদের ভূমিকা অসামান্য, যারা অল্প সময়ে তাদের মেধা ও ইচ্ছাশক্তির দ্বারা দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন, ডা.ফাহরিন হান্নান তাদের মধ্যে একজন। যিনি স্বাস্থ্যসেবাকে লাখো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৮ সালের সেপ্টেম্বরে গড়ে তুলেন ‘ঢাকা কাস্ট লিমিটেড’। ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করে তার প্রতিষ্ঠান।

২০১৯ সালের মার্চ মাসে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত দিয়ে শুরু হয় তাদের সেবা। শুরুতে বাড়িতে নার্স, ফিজিওথেরাপিস্ট, ডাক্তারের অনলাইন কনসাল্টেন্সি দিয়ে সেবা প্রদান করে ঢাকা কাস্ট। এর ফলে মানুষের সেবার পাশাপাশি ডাক্তারদেরও কাজের সুযোগ তৈরি হয়। ২০১৯ সালের এপ্রিলে তিনি নির্বাচিত হন গ্রামীণফোন এক্সেলারেটর প্রোগ্রামের কমিউনিটি বিল্ডার হিসেবে এবং স্টার্টআপ নেটওয়ার্কিংয়ের কাজ করেন ঢাকার উত্তরা জোনে।

আগস্ট মাসে পৃথিবীর সবচেয়ে বড় উইমেন টেক  প্রতিযোগিতা ‘সি লাভস টেক’ বাংলাদেশে এলে স্টার্টআপ আইডিয়া প্রেজেন্ট করে বাংলাদেশ থেকে সেরা নির্বাচিত হন ফাহরিন। সুযোগ পান চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত পৃথিবীর ৪০টি দেশের উদ্যোক্তাদের সামনে নিজের স্টার্টআপ তথা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। সেই বছরের নভেম্বরে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিমেল ফাউন্ড্রি প্রোগ্রামেও অংশগ্রহণ করেন তিনি। যেখানে ভারতের ১৩টি রাজ্য থেকে ১৩ জন, শ্রীলঙ্কা থেকে একজন এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ডা. ফাহরিন হান্নান। এছাড়াও ২০১৯ সালে উইমেন অ্যান্ড ই-কমার্স কর্তৃক সেরা হেলথ কেয়ার স্টার্টআপ হিসেবে ঢাকা কাস্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শুধু ডায়াবেটিস সেবার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ফাহরিন। মেয়েদের বিভিন্ন ধরনের সাইবার সমস্যা সমাধানেও এগিয়ে এসেছেন। এত অল্প সময়ে সফল হলেও এই সফলতার পেছনেও লুকিয়ে রয়েছে ব্যর্থতার অজানা গল্প। ঢাকা কাস্ট শুরু করার আগে তিনি ঢাকার যানজট নিরসনের পরিকল্পনা করেন। কিন্তু শুরুতেই হোঁচট খান। তবে থেমে থাকেননি,  প্রচণ্ড ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনলাইন চিকিত্সা সেবাকে ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি ও তার দল নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনাকালে ডায়াবেটিস সেবার পাশাপাশি অন্যান্য রোগ নিরাময়ের পরামর্শদাতা হিসাবেও কাজ করছেন। ঢাকা কাস্টের মাধ্যমে গুগল মিট, হোয়াটসঅ্যাপ বা জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ঘরে বসে খুব সহজে রোগীরা ডায়াবেটিস সম্পর্কে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারছে।

ডা. ফাহরিন হান্নান স্বপ্ন দেখেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। স্বপ্ন দেখেন এ দেশের  প্রতিটি মেয়ে তার নিজের পায়ে দাঁড়াবে; দেশের প্রযুক্তিখাতে পুরুষের পাশাপাশি মেয়েরাও সমান তালে এগিয়ে যাবে। নিজের বলার মতো একটি গল্প তৈরি হবে। তিনি আশা করেন তার স্টার্টআপ একদিন দেশের সীমা ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে। দেশের মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি তরুণ মেধাবী ডাক্তারদের নিয়েও তিনি কাজ করে যাবেন সবসময়।