ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি হয়েছেন ‘বৃক্ষমানব’ খ্যাত আবুল বাজানদার। চিকিত্সারত অবস্থায় পালিয়ে যাওয়ার প্রায় আট মাস পর রবিবার তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে আসেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আজ মঙ্গলবার আবুল বাজানদারের চিকিত্সা সংক্রান্ত মেডিক্যাল বোর্ড বসবে।
আবুল বাজানদার বলেন, ‘ভর্তি হওয়ার পর হাসপাতালের বারান্দায় আছি। আমাকে বলা হয়েছে, সিট ফাঁকা হলে দেবে। আমার সঙ্গে ঢাকায় মা এসেছে।’
এর আগে আবুল বাজানদার ও তার পরিবারের একজন সদস্যকে হাসপাতাল থেকে খাবার দেওয়া হতো। এবার তা দেওয়া হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে-দুপুরে না পেলেও রাতে খাবার পেয়েছি। তবে মায়ের জন্য খাবার দেয়নি। তারা বলেছে, স্যারেরা না বলা পর্যন্ত মায়ের জন্য খাবার দিতে পারবে না।’
উল্লেখ্য, চিকিত্সাধীন অবস্থায় গত বছরের ২৬ মে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান আবুল। তার দুই হাত ও পায়ে গাছের শিকড়ের মতো শক্ত অতিরিক্ত অংশ আছে। তার চিকিত্সায় সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
