খালেদা জিয়ার উপস্থিতিতে চলছে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:৩২

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের উপর শুনানি অব্যাহত রয়েছে। রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর শুনানি করছেন আসামি পক্ষের আইনজীবীরা। গতকাল সোমবার ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানি গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত।

গতকাল অভিযোগ গঠনের শুনানিতে আদালতে হাজির করা হয় এ মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হুইল চেয়ারে করে এই কারাগারের একটি ভবনে বন্দি খালেদা জিয়াকে আদালতে আনেন কারারক্ষীরা। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে এবং সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলামের পক্ষে আইনজীবী মো: আসাদুজ্জামান শুনানি করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।