করাচিতে বোলারদের রাজত্ব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

১৪ বছর পর পাকিস্তানে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দলে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট। করাচি টেস্টে প্রথম দিনে মাত্র ২২০ রানেই অলআউট সফরকারীরা। তাও দিনশেষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পাকিস্তানই। শেষ বিকালে ৪ উইকেট খুঁইয়ে তারা বুঝিয়ে দিল এখানে রাজত্ব চলবে বোলারদেরই!

নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে এই সিরিজে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান। যার ফলে গতকাল অভিষেক হয় ইমরান বাট ও নমান আলীর। দুই উইকেট নিয়ে ৩৪ বছর বয়সি স্পিনার নমান নিজের ছাপ রাখলেও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন ওপেনার ইমরান। ব্যক্তিগত ৯ রানে কাগিসো রাবাদার বলে পিটারসেনকে ক্যাচ দেন তিনি।

এই উইকেটের পরই দিনভর হাসিতে থাকা পাকিস্তান মুখটা দ্রুতই মলিনে পরিণত হয়। মাত্র ২৭ রানেই সাজঘরে ফেরেন ইমরান, আবিদ আলী, বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। রাবাদা-নরকিয়াদের তোপ সামলে কোনোমতে ৩৩ রানে দিন শেষ করেন আজহার আলী ও ফাওয়াদ আলম। ১৮৭ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরু করবেন তারা। ব্যাটিংয়ে নামার আগের সময়টা ফুরফুরে মেজাজেই কাটায় পাকিস্তান। টস হেরে বোলিংয়ে নেমে ওপেনার ডিন এলগার (৫৮) ছাড়া সবাইকেই অল্প রানে বেঁধে ফেলে তারা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন লেগ স্পিনার ইয়াসির শাহ। নমান ছাড়াও দুটি উইকেট যায় পেসার শাহীনের পকেটে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস :২২০/১০ (এলগার ৫৮, লিন্ডে ৩৫, ডু প্লেসিসি ২৩, রাবাদা ২১; ইয়াসির ৫৪-৩, নমান ৩৮-২, শাহীন ৪৯-২)

পাকিস্তান প্রথম ইনিংস :৩৩/৪ (ইমরান ৯, আবিদ ৪, আজহার ৫*, বাবর ৭, শাহীন ০, ফাওয়াদ ৫*; রাবাদা ৮-২, নরকিয়া ২০-১, মহারাজ ০-১)