রাজশাহী মেডিক্যালে ডাক্তারের বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:২৫

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডাক্তারের বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিতে চার জন ডাক্তার ও এক জন মাত্র নার্স রাখা হয়েছে। গত ১৮ ও ১৯ জানুয়ারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ডাক্তার মামুন-অর-রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডাক্তার মামুন-অর-রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়ায় ডিপ্লোমা করছেন। সেখান থেকেই কোর্স সম্পন্ন করতে রামেক হাসপাতালে এসেছেন বলে জানা গেছে। এর আগে তিনি ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করে চট্টগ্রামের একটি হাসপাতালে যোগ দেন। সেখান থেকে ছুটি নিয়ে তিনি অ্যানেসথেসিয়া কোর্স করছিলেন। ডা. মামুনের বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানির অভিযোগ পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তাত্ক্ষণিকভাবে ডা. মামুনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিতে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) উপাধ্যক্ষ ডা. হাবিবুল্লা সরকারের নেতৃত্বে চার জন চিকিত্সক ও এক জন  নার্স রয়েছেন। নার্সদের অভিযোগ, তদন্ত কমিটির চার জন চিকিত্সক মিলে ঘটনাটিকে এখন ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছেন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে রামেক নার্সেস অ্যাসোসিয়েশন গত সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জরুরি সভা করেছে।