তুরস্কের ‘অদ্ভূত’ ভোটার তালিকা নিয়ে বিরোধীদের হৈচৈ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

তুরস্কে মার্চ মাসে যে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে তার আগে প্রকাশিত ভোটার তালিকায় অদ্ভূত কিছু ব্যাপার লক্ষ্য করা গেছে। যেমন- কিছু ভোটার আছেন যারা এই প্রথমবার ভোট দেবেন, কিন্তু তাদের বয়স ১০০ বছরের ওপর। একজন ভোটারের বয়স ১৬৫। পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত লোক বলে যার নাম জানা যায় তার চাইতেও বেশি বয়স তার। বিরোধীদলগুলো বলছে, তারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে একটি বিশেষ অ্যাপার্টমেন্টকে ঠিকানা হিসেবে দেখিয়ে এক হাজারেরও বেশি ভোটার তাদের নাম নিবন্ধন করিয়েছেন। তুরস্কে এই ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রাজনৈতিক দলগুলো বলছে, এই ভোটার তালিকায় নানা কারসাজি করা হয়েছে। বলা হচ্ছে, মার্চ মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে হয়তো প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অর্থনীতির স্থবিরতার কারণে এবার রাজধানী আংকারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে হেরে যেতে পারে এমন বলছেন অনেকেই। রিপাব্লিকান পিপলস পার্টি (সিএইচপি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) অভিযোগ করেছে, গত নির্বাচনে একে পার্টি যেসব এলাকায় সামান্য ভোটের ব্যবধানে হেরেছি সেই আসনগুলোতেই এই ‘অস্বাভাবিক’ ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। -বিবিসি