পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে রিমান্ডে দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০০:২৮

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের এক মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রিমান্ডে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত সোমবার তাকে কাশেমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। দুদক সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি পি কে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে পি কে হালদারের বিরুদ্ধে দায়েরকৃত ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ঐ দিনই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।