অদ্ভুত এক ছাগলছানা জন্মেছে ভারতের উত্তরপ্রদেশে । সেটির চোখ মাত্র একটি; তাও আবার কপালে। আর সেই অতিকায় চোখের মধ্যেই রয়েছে দু’-দু’টি মণি! আর এটি দেখতে স্থানীয় মানুষের ঢল নেমেছে।
জানা গেছে, উত্তরপ্রদেশের বিজনৌর জেলার মোরহাট গ্রামের বাসিন্দা মাসিয়া। দু’দিন আগে তাঁর পোষ্য ছাগলটি দু’টি ছানার জন্ম দিয়েছে। একটি সম্পূর্ণ স্বাভাবিক হলেও দ্বিতীয় ছানাটির গড়ন অস্বাভাবিক। এই খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামের মানুষ লাইন লাগিয়েছে তাকে দেখতে। ক্রমে খবর ছড়িয়ে পড়ার পর দূর দূর থেকে মানুষ আসছেন ছাগলছানা দেখতে।
আরও পড়ুন: থানায় চুল কেটে বিপাকে যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তারা
কেবল চোখের অবস্থান ও গড়নের অস্বাভাবিকতাই নয়, আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে তার। তার মুখের গড়নটি অসম্পূর্ণ। জিভটি বেরিয়ে থাকে। নিচের চোয়ালটিও ঠিক জায়গায় নেই। এরই মধ্যে কারও কারও দাবি, এটি হিন্দুদের দেবতা শিবের এক রূপ! কেননা শিবেরই মতো তারও কপালে চোখ রয়েছে। তবে সকলেই এমন বাড়াবাড়ি না করলেও এই ছাগশিশুটি যে মাসিয়ার জীবনে ‘ঈশ্বরের আশীর্বাদ’ সে বিষয়ে নিশ্চিত। এসব দেখেশুনে কিছুটা সংশয়াচ্ছন্ন মাসিয়াও। এই বিচিত্র ছাগলছানা তাঁর জীবনে কী সৌভাগ্য বয়ে আনতে পারে ভেবে পাচ্ছেন না তিনি।
তবে একদম অন্য কথা জানিয়েছেন এলাকার পশু চিকিৎসক পুষ্কর রাঠি। তার মতে, আসলে এই শাবকটি জন্মগত ভাবেই অস্বাভাবিক। তিনি জানিয়েছেন, এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে ভগবানের আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই। জন্মগত কারণে একে এমন দেখতে। এর সঙ্গে দেবত্বের কোনও সম্পর্ক নেই।
ইত্তেফাক/এআর
