তিনি নাটকেই ভালো আছেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৩

র ফি কু ল  ই স লা ম

 

অভিনয়ে যেমন পটিয়সী তেমনি রূপে-গুণেও অনন্যা। ছোটবেলায় গানের প্রতি প্রচন্ড ঝোঁক থাকায় ভর্তি হয়েছিলেন গানের স্কুলে। কিন্তু স্কুলজীবন পার না হতেই গান শেখায় ছেদ পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে জীবনের গতিপথ পাল্টে যায় তার। বলছিলাম মডেল ও অভিনেত্রী আজমেরী আশার কথা; যিনি ২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ হয়েছিলেন। এরপর ‘ক্লোজআপ-কাছে আসার গল্প’র বিজ্ঞাপনচিত্রে কাজ করে রীতিমত আলোচনায় চলে আসেন।

মাঝে প্রায় এক বছরেরও বেশি সময় আড়ালে ছিলেন তিনি। দেখা যায়নি কোনো কাজে। তবে বিরতি কাটিয়ে নতুন আমেজে ফিরেছেন এ ভিট তারকা। সদ্য শেষ করেছেন ‘আমার ফিলিংস নেই’, ‘পাগল হমু ক্যামতে’ ও ‘ছোট ভাইয়ের বউ’ শিরোনামে তিনটি নাটকের কাজ শেষ করেছেন আশা। বর্ণ নাথের পরিচালনায় নাটক তিনটিতে আশার বিপরীতে ছিলেন মীর সাব্বির ও মারজুক রাসেল।

নতুন করে ফেরা প্রসঙ্গে আজমেরী আশা বলেন, ‘গত বছরের শুরুর দিকে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করার পর তেমনভাবে আর নাটকে কাজ করা হয়নি। এরপর করোনা পরিস্থিতির কারণে নতুন কাজে অংশ নেইনি। অনেকটা সময় কাজ থেকে বাইরে ছিলাম। তবে নতুন বছরে নতুন করে ফিরেছি বলা যায়। এখন থেকে নিয়মিতই কাজে দেখা যাবে আমাকে। সামনে আরও বেশকিছু কাজের কথা চলছে।’ গড়পড়তা কাজ করায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না আশা। যে কারণে তার ঝুলিতে বিজ্ঞাপনের তুলনায় নাটকের সংখ্যা কম। গল্প, মান ও চরিত্র বেছে কাজ করার এ ধারা সামনেও চলমান থাকবে বলে জানান তিনি। কিছু ওয়েব সিরিজে কাজ করা হলেও ওয়েব ফিল্মে দেখা যায়নি তাকে। ভালো কাজের প্রস্তাব পেলে অন্যান্য তারকাদের মতো তিনিও ঝুঁকবেন ওটিটি প্লাটফর্মের দিকে।

৯ বছরের ক্যারিয়ারে নানা সময়েই আলোচনায় ছিলেন এ রূপসী। মাঝে মাঝে আড়ালে চলে যাওয়ায় সব রকমের আলোচনা থেকে পিছিয়েও ছিলেন। তবে এ নিয়ে অভিনেত্রীর কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, ‘আমি কখনো আলোচনার পেছনে ছুটিনি। এগুলো নিয়ে কখনো ভাবি না। যখন কাজ করি তখন শুধু কাজটাতেই ফোকাস দিতে পছন্দ করি।’

দীর্ঘ ক্যারিয়ারে এ অভিনেত্রীকে সিনেমাতেও দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে সিনেমার খবরে শিরোনাম হয়ে এসেছেন। এতটা সময় পর নিজেকে বড় পর্দায় দেখতে চান কি-না এমন প্রশ্নে এই ভিট তারকার উত্তর, ‘সিনেমার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। সিনেমার জন্য আমার মন কখনোই টানেনি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি নায়িকা ম্যাটেরিয়াল না। নায়িকাদের যেমন নাচে, গানে পারদর্শী হতে হয়; আমার মধ্যে সেসব গুণ নেই। আমি নাটকেই ভালো আছি।’