আলোচিত নির্মাতাদের নাটক-সিনেমা দেখার জন্য একটা সময় টেলিভিশনে হুমড়ি খেয়ে পড়তো দর্শক। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন এসেছে। যে কারণে টেলিভিশনের পর দর্শক আগ্রহ বেড়েছে অনলাইন মাধ্যম ইউটিউবে। এরপর অনলাইনের নতুন মাধ্যম ওটিটি প্লাটফর্ম তার যাত্রা শুরুর পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। টেলিভিশনে আগ্রহ হারিয়ে দর্শক এখন ঝুঁকেছে অনলাইন প্লাটফর্মের দিকে। দর্শক চাহিদায় নির্মাতারাও ঝুঁকেছেন একই দিকে। টেলিভিশনে বাজেট স্বল্পতা, অনলাইন প্লাটফর্মে বাজেট আধিক্য ও মুক্ত স্বাধীনতায় নির্মাতারা এদিকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। সেদিক থেকে সাফল্যের ঝুড়িও বাড়ছে অনায়াসে বৈকি! সামপ্রতিক সময়ে যেসব নাটক বা কন্টেন্ট আলোচনায় এসেছে তার বেশিরভাগই অনলাইন প্লাটফর্মে। এবারের আয়োজনে থাকছে তাদের পেছনের কারিগর অর্থাত্ নির্মাতাদের নিয়ে। তাদের নিয়ে লিখেছেন ইমরুল নূর
আলোচিত কন্টেন্টের মধ্যে রয়েছে ট্রল, জানোয়ার, কষ্টনীড়, তাকদীর, শিল্পী, এক্সচেঞ্জ, বদমাইশ পোলাপান, ব্যাচেলর পয়েন্ট, কেন?, জন্মদাগ, ইরিনা, তৃতীয়জন, ভিক্টিম, ফ্যামিলি ক্রাইসিস, শিকল, ১৪ আগস্ট, ইতি মা, এখানে তো কোনো ভুল ছিলো না ইত্যাদি।
গত সপ্তাহে মুক্তি পাওয়া ওয়েব সিনেমা ‘ট্রল’ এখনও রয়েছে আলোচনার শীর্ষে। ওটিটি প্লাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। গত বছরে ‘শিফট’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘পলিটিক্স’, ‘শিকল’, ‘আপনার ছেলে কী করে’ নাটক নির্মাণ করে তুমুল প্রশংসিত হন। সামনে ভালোবাসা দিবস ঘিরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নাটক ‘কাভার পেজ’, ওয়েব সিনেমা ‘অমানুষ’ ও ‘শোক সভা’।
ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘কষ্টনীড়’ বানিয়েছেন আশফাক নিপুণ। পারিবারিক গল্পের এ ওয়েব অরিজিনালসটি ইতিমধ্যেই দর্শকনন্দিত হয়েছে। এ নির্মাতা গত বছরের শুরুতেই ‘ইতি, মা’ দিয়ে বাজিমাত করেছিলেন। এরপর সেই ধারাবাহিকতায় ‘ভিক্টিম’ বানিয়েও ছিলেন আলোচনায়।
প্রথম নির্মাণেই ওটিটিতে হৈচৈ ফেলে দিয়েছেন নির্মাতা সৈয়দ শাওকীর। তার নির্মিত ‘তাকদীর’ ভেসেছে দর্শক প্রশংসায়।
বুক চিন চিন করছে হায়—শিরোনামের গানটি নতুন করে শ্রোতা-দর্শকদের মুখে মুখে ফিরছে। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘বাস্তব’ সিনেমার এ গানটি নতুন করে ব্যবহূত হয়েছে ‘শিল্পী’ নাটকে। ইউটিউবে অবমুক্ত হওয়া মহিদুল মহিম পরিচালিত এ নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। গানটির কারণে নাটকটি ছিল আলোচনাতেও। ‘ক্যান্ডি ক্রাশ’, ‘ফ্যাশন’, ‘ফটো ফ্রেম’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘মন বদল’ নাটকগুলো দিয়ে আলোচনায় থাকা এ নির্মাতা আগামী ভালোবাসা দিবসে নিয়ে আসছেন ‘টিপু সুলতান’সহ বেশ কিছু নাটক।
নতুন মুখ নিয়ে নির্মিত ‘বদমাইশ পোলাপান’ নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। দর্শকমহলে এখনও আলোচনায় থাকা এ নাটকটির সিক্যুয়েল আসছে সামনেই। ‘ব্যঞ্জনবর্ণ’, ‘এ বিটার লাভ স্টোরি’, ‘মা, আই মিস ইউ’, ‘আমার অপরাধ কী’, ‘ডেট রুম’, ‘অ্যাঞ্জেলস’ নাটক দিয়ে আলোচনায় থাকা এ নির্মাতা ‘হাফ হানিমুন’সহ কয়েকটি নাটক নিয়ে আসছেন ভালোবাসা দিবসে।
ক্লাসিক প্রেমের গল্পে ‘কেন?’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। মানবতারও গল্পের এই টেলিছবিটি নির্মাতাকে তার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দেয়। এটির পাশাপাশি দর্শকমহলে প্রশংসিত হয়েছে তার ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিলো’। আগামী ভালোবাসা দিবসে থাকছে ‘ম্যারোন’সহ নাম চূড়ান্ত না হওয়া দুটি নাটক।
‘ইরিনা’, ‘জন্মদাগ’ নির্মাণ করে আলোচনায় ছিলেন ভিকি জাহেদ। দর্শকমনে অন্যরকম ভালোলাগা তৈরি করেছে নাটক দুটি। আগামী ভালোবাসা দিবসে ‘মাজনু’ শিরোনামে বিশেষ নাটক নিয়ে আসছেন তিনি।
শেখ নাজমুল হুদা ঈমন আলোচনায় ছিলেন ‘এখানে তো কোনো ভুল ছিলো না’ শিরোনামের নাটক দিয়ে। নাটকটির একটা শিক্ষামূলক ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। যেটি শেয়ার করেছিলেন শিক্ষামন্ত্রী দীপুমনিও। এরপর এ নির্মাতা বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত হয়ে পড়লে খুব একটা নাটকে পাওয়া যায়নি তাকে। এছাড়াও অন্যান্য নাট্য-নির্মাতাদের মধ্যে আলোচনায় ছিলেন তুহিন হোসেন (তৃতীয়জন), রুবেল হাসান (মিস্টার এন্ড মিস চাপাবাজ, এক্সচেঞ্জ), মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ (ফ্যামিলি ক্রাইসিস), কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট), রাফাত মজুমদার রিংকু (বোধ), নাজমুল রনি (ভালোবাসি তুমি আমি), তানভীর আহমেদ (এক্সট্রা আর্টিস্ট) ইত্যাদি।
০
