অবাক পৃথিবী

যাযাবর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৫

 

সহস্র রূপের মাধুরী মেশানো আমাদের এই জীবন। জীবন শব্দটা যতটা ছোট, অর্থটা ততই বিশাল। হাজার গ্রাম, হাজার নগরের মাঝে তিল তিল করে বেড়ে উঠে অসংখ্য জীবন। কিছু জীবনের নাম হয় না, আবার কিছু জীবন নামের জন্যই।

জীবন যেখানে যেমন। গাঁয়ের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একদল মানুষ তাঁবু টানাচ্ছে। তাঁবুর পাশেই টিনের বাক্স দিয়ে চুলা তৈরি করে রান্নায় ব্যস্ত। ছোট ছোট বাচ্চা ছুটোছুটি করছে। তাদের মধ্যেই কয়েকজন শূকরের পাল সামলাচ্ছে। বলছিলাম যাযাবরদের কথা। জীবনের প্রতিটি পদক্ষেপে যুদ্ধ করে টিকে থাকতে হয় তাদের। করোনা মহামারিতেও তারা ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। দুমুঠো আহার জোগাড় করতে বিভিন্ন ধরনের খেলা দেখায়। এরা প্রকৃতির মধ্যেই জীবনের বৈচিত্র্যের সন্ধান করে।

যাযাবরদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের প্রচণ্ড আগ্রহ। ছোটবেলায় শুনেছিলাম, ‘সঙ্গে বাড়ি সঙ্গে ঘর, এদের নাম যাযাবর।’ যাযাবরদের কোনো ঘর নেই, বাড়ি নেই। অধিকাংশই সঙ্গে তাঁবু নিয়ে ঘোরে। যেখানেই রাত, সেখানেই কাত। তাঁবুতে, পাহাড়ের গর্তে, গাছের কোটরে কোনোভাবে ঠাঁই করে নেয়।

যাযাবরদের নির্দিষ্ট ঠিকানা থাকে না। নেই জীবিকা অর্জনের জন্য কোনো ব্যবস্থা। ব্যবসা যারা করে সেটাও সাময়িক। নিরন্তর ছুটে চলা এক জীবনের পথিক। ইতিহাস বলে, বিভিন্ন কারণে বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষ বেছে নিয়েছে এমন ছন্নছাড়া জীবন। এর মধ্যে রয়েছে আকস্মিক যুদ্ধ, খরা বা নদীভাঙন।

দুর্গম অঞ্চলে যাযাবরদের বিচরণ বেশি। দুর্গম পাহাড়-পর্বত কিংবা গহিন অরণ্যে দলবেঁধে থাকে তারা। আবার জলের ওপর ভাসমান নৌকায়, তুষারাচ্ছন্ন পরিবেশ থেকে শুরু করে মরুভূমির মাঝেও দেখা মেলে এদের। বংশ পরম্পরায় এই যাযাবরজীবনই তাদের পরিচয় হয়ে ওঠে।

অঞ্চলভেদে যাযাবরদের একেক নাম, বিচিত্র সব পেশা। ঘুরে বেড়ায় খেয়ালখুশিমতো। এতেই তাদের আনন্দ।

সিনথিয়া সুমি