অভিনেতা তাসকিন রহমান এরইমধ্যে নিজের অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে পোক্ত আসন গড়ে নিয়েছেন। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে এখন নিয়মিত মুখ তিনি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ। এছাড়া ক’দিন আগেই তার ‘জানোয়ার’ ছবিটি মুক্তির পর বেশ প্রশংসিত হন তিনি। খল-নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলেও পরবর্তীতে নায়ক রূপেও তাকে দেখেছেন দর্শকরা। একের পর এক ভিন্ন ভিন্নরূপে নিজেকে প্রকাশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতেই নতুনরূপে হাজির হলেনে তাসকিন। গতকাল তার নতুন ছবি ‘সোলমেট’-এর প্রথম লুক প্রকাশ পেয়েছে। প্রথম লুকের পোস্টারটি ছবিটির নির্মাতা তার ফেসবুকে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় তাসকিন ভক্তদের মাঝে। পোস্টারটিতে তাসকিনের নতুন লুক নজর কেড়ে নেয় নেটিজেনদের। আর এতেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের আলোচনার পাশাপাশি দর্শকদের প্রশংসার জোয়ারে ভাসছেন এই অভিনেতা। তাসকিন বলেন, ‘আমি বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শকদের ভালো কাজ উপহার দিতে চেয়েছি। তারাও আমাকে অনেক ভালোবেসে গ্রহণ করেছেন। শুধু নায়ক বা ভিলেন নয়, প্রতিটি চরিত্রই আমার কাছে মূল্যবান। আমি যে চরিত্রেই কাজ করি সেখানেই নিজেকে ভেঙে সোরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন এই ছবিটিতেও ভিন্ন এক তাসকিনকে আবিষ্কার করবেন দর্শকরা। আশা করছি তাদের হতাশ হতে হবে না।’
