গাছের প্রথম পাতাটি ঝরে যাবার সময়
তার শরীর কেঁপে ওঠে। চোখে শোকের ছায়া পড়ে।
মরতে তার বড় ভয় করে তখন।
তারপর আজ কাল পরশু যখন একের পর এক,
দুই থেকে চার, আট অথবা বত্রিশ,
এ ডাল, ও ডাল, ডাইনে বাঁয়ে
সমস্ত ডাল থেকে টুপটাপ করে
অনবরত পাতা খসে পড়তেই থাকে—
তখন অজস্র মৃত্যুর ভিতর থেকে থেকে, একদিন
তার আর মরতে ভয় করে না ।
—মরতে মরতে মানুষের মতো
তারও অভ্যেস হয়ে যায়।
