টাঙ্গাইলের দৃষ্টিনন্দন মসজিদ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২১:২২

 

বাংলাদেশে নির্মাণাধীন একটি ইসলামি স্থাপনা দৃষ্টি কেড়েছে অনেকের। বলছিলাম টাঙ্গাইল জেলার, গোপালপুর উপজেলার, দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ‘২০১ গম্বুজ মসজিদ’-এর কথা। গোপালপুরের ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে ২০১৭ সালে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে ২০১৩ সালের ১৩ জানুয়ারিতে ১০০ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে মাত্র ১৫ লাখ টাকা নিয়ে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়েছিল, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মাতা মিসেস রেজিয়া খাতুন। ঐতিহাসিক ঝিনাই নদীর তীরে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে ১৫ বিঘা জমিতে অবস্থিত উক্ত মসজিদের সর্বমোট ২০১টি গম্বুজ রয়েছে। তার মধ্যে ২০০টি গম্বুজের উচ্চতা ২৩ ফুট করে এবং মাঝখানের প্রধান গম্বুজের উচ্চতা ৮১ ফুট। সবচেয়ে বেশি গম্বুজের দিক থেকে পৃথিবীর ইতিহাসে এটিই সর্বপ্রথম মসজিদ। আর এতে মোট ৯টি মিনার রয়েছে। নির্মাণাধীন প্রধান মিনারটির উচ্চতা হবে ৪৫১ ফুট, যেটি লম্বায় ৫৭ তলা বিল্ডিংয়ের সমান। উচ্চতার দিক থেকে এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিনার। তাছাড়া মসজিদ ভবনের ওপরে ১১১ ফুট করে চার কোনায় চারটি মিনার ও ১০১ ফুট করে আরো চারটি মিনার রয়েছে। ১৬৫ ফুট দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

lলেখক :শিক্ষার্থী, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়