বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ম্যাচ চলাকালীন বোলিং করার সময়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তার এই চোট চিন্তার ভাঁজ ফেলেছিল বাংলাদেশ দলের কপালে। তবে আশার খবর হলো সাকিবের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তবে এখনো বিশ্রামে থাকতে হবে।
সাকিব চোট পাওয়ার পর থেকেই উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছিলেন দল ও ভক্ত সমর্থকরা। ২৫ জানুয়ারি চোট পেলেও তার সর্বশেষ অবস্থা জানার জন্য অপেক্ষা করতে হলো ২৮ জানুয়ারি পর্যন্ত। কুঁচকিতে চোট পাওয়া সাকিবকে স্ক্যান করানো হয়েছে। সাকিবের সর্বশেষ অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি বলেন, ‘সাকিবের স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। ব্যথাও আগের চেয়ে কমে গিয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়িই উনি মাঠে ফিরবেন। তবে আরও এক-দুইদিন বিশ্রামে থাকা লাগবে। আশা করা যায় প্রথম টেস্টে তিনি খেলবেন।’
আরও পড়ুন: অবসরের আগেই নির্বাচকের চেয়ারে আব্দুর রাজ্জাক
সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই টেস্ট সিরিজে সাকিবকে দলে পাওয়া নিয়েই এখন যত চিন্তা। তবে বিসিবি চিকিৎসকের কথায় আশাবাদী হওয়া যায় সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম টেস্টেই সাকিবকে দলে পাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ৩ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে শেষ ম্যাচটি।
ইত্তেফাক/এসআই
