রাশিয়ায় নাভালনির ভাই আটক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:৩৪

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে আরো বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী নেতা এবং পুতিনের সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনির সমর্থকরা। নতুন বিক্ষোভের ডাক দেওয়ায় নাভালনির সমর্থকদের ব্যাপক হারে ধরপাকড় শুরু করেছে পুলিশ। তার ভাই ওলেগ নাভালনিকেও আটক করা হয়েছে। খবর রয়টার্সের

বুধবার নাভালনির অফিস এবং ফ্ল্যাটে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এমনকি তার মিত্রদের বাসায়ও অভিযান চালানো হয়। গত বছরের আগস্টে বিষ প্রয়োগের পর নাভালনি অসুস্থ হয়ে পড়েছিলেন ৪৪ বছর বয়সি নাভালনি। জার্মানিতে চিকিত্সা শেষে চলতি মাসেই দেশে ফিরে আসেন। প্যারোলের বিধি ভঙ্গের অভিযোগে নাভালনিকে বিমানবন্দরেই আটক করা হয়। পুলিশ বুধবার অভিযান চালানোর কারণ হিসেবে করোনা ভাইরাসের বিধি লঙ্ঘনের কথা বলছে, যা ফৌজদারি অপরাধ। গত শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ৪ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। শনিবার আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন নাভালনির সমর্থকরা। বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নাভালনির চিকিত্সা এবং তার মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিনকে কড়া বার্তা দেন।