সংক্রমণ রোগ থেকে সুরক্ষা দেবে ‘আইওয়ার্কসেইফ’ অ্যাপ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১০:৫৩

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক অবস্থা ও কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে সংক্রমণ রোগে আক্রান্তের সংস্পর্শে থাকা ব্যক্তির পরিচয় চিহ্নিত করবে মোবাইল সফটওয়্যার অ্যাপ্লিকেশন ‘আইওয়ার্কসেইফ’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম শামীম কায়সার ও সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুন এবং নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুফতি মাহমুদ যৌথ উদ্যোগে এ অ্যাপ উদ্ভাবন করেছেন।

জানা যায়, অ্যাপ্লিকেশনটিতে ব্লুটুথ ব্যবহার করে রিয়েলটাইম কন্টাক্ট সেভ করে দুইজন ব্যবহারকারীর মধ্যে দূরত্ব পরিমাপ করা যাবে। ব্যবহারকারী অ্যাপটিতে বাস্তবায়িত মানচিত্রের সাহায্যে লকডাউন অঞ্চল ও আইসোলেশনে থাকা রোগীদের গতিবিধি জানতে পারবে। এছাড়া এটি ব্যবহারকারীর শারীরিক অবস্থা, সংক্রমণ রোগের উপসর্গ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার তথ্য-উপাত্ত সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিনের মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনুমান করতে সক্ষম।

ড. মুফতি মাহমুদ বলেন, আইওয়ার্কসেইফ মোবাইল অ্যাপ্লিকেশনটি বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে খুবই যুগোপযোগী ও প্রয়োজনীয় একটি উদ্ভাবন। এটি কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে, যাতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি।

তিনি আরো বলেন, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে করোনা ভাইরাসসহ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ সৃষ্টিকারী যেকোনো ভাইরাস সংক্রমণের স্ক্রিনিং করা যাবে। শুধু বাংলাদেশ নয়, যেকোনো দেশে যেসব কলকারখানা ও প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার মতো পরিবেশ নেই, এই অ্যাপের মাধ্যমে সেখানে কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে। আইওয়ার্কসেইফ ব্যবহারের মাধ্যমে আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. মো. শামীম কায়সার ও সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুন বলেন, এই মোবাইল অ্যাপটি করোনা ভাইরাসসহ ভবিষ্যতের যেকোনো মহামারি থেকে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে অর্থনীতির চাকা সচল রাখতে পারবে।

আরও পড়ুন: ‘সুরক্ষা’ অ্যাপ ও পোর্টালে নিবন্ধন শুরু

তারা আরো বলেন, আইওয়ার্কসেইফ অ্যাপটি তথ্য বিশ্লেষণ করে নতুন কোনো সংক্রামক রোগ মহামারি আকার ধারণের আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকার, গবেষক ও চিকিৎসককে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিতে সক্ষম।

প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান স্কোডারের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.কে. আবির বলেন, আমরা মানুষের ভোগান্তির বিষয়ে সবসময়ই চিন্তিত। আমাদের শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হলে এই অ্যাপটি সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে পারে। এর মাধ্যমে প্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো আমাদের চিকিৎসকদের বেশ উপকৃত করবে। আমরা সর্বদা আমাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের বিষয়ে খুবই যত্নশীল।

ইত্তেফাক/এসআই