৪ জাহাজে ভাসানচরের পথে প্রায় ১৮০০ রোহিঙ্গা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১২:০০

তৃতীয় ধাপে নোয়াখালীর ভাসাচরের উদ্দেশে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা রওনা হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, “অন্য একটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে।

ভাসানচরে পৌঁছাতে জাহাজগুলোর তিন ঘণ্টার মত লাগবে বলে জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টারদিকে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ আর দ্বিতীয় দফায় ৪২৮টি পরিবারের ১ হাজার ৮০৫ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা এখন ৩ হাজার ৪৪৭। তারও আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।

জাহাজে উঠার আগ মুহূর্তে রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ৫ হাজার রোহিঙ্গা 

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

ইত্তেফাক/এএএম