জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই বন্ধ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:০৬

উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

জয়পুরহাট প্রতিনিধি

ঠিকাদার নিযুক্ত অস্থায়ী শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় বুধবার সকাল থেকে দেশের বৃহত্তম চিনি উত্পাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিনিকল সূত্রে জানা যায়, জয়পুরহাট চিনিকলের আওতায় থাকা আখগুলো কেটে অর্ধেক করার পর চেইন দিয়ে বাঁধা হয়। এতে মেশিনের সাহায্যে ডোঙ্গায় (আখ মাড়াই যন্ত্রের মুখ) আখ নিক্ষেপ করতে সহজ হয় শ্রমিকদের। কিন্তু শ্যামপুর ও মহিমাগঞ্জ থেকে আনা আখগুলো আস্ত। এগুলো চেইন দিয়েও বাঁধা নয়। এই আখ এক বোঝা এক বোঝা করে ডোঙ্গায় হাত দিয়ে ফেলতে হচ্ছে। ফলে শ্রমিকদের অসুবিধার পাশাপাশি সময়ও বেশি লাগছে। উল্লেখ্য, ঠিকাদারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এখানে তিন শিফটে ৬০ জন শ্রমিক কাজ করে থাকেন। চেইন দিয়ে বাঁধাই করা আখ ফেলতে রাজি হলেও মহিমাগঞ্জ বা শ্যামপুরের আস্ত আখ ফেলতে তারা রাজি হননি। এতে চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। আখ মাড়াই বন্ধের বিষয়টি নিশ্চিত করে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর জানান, ডোঙ্গায় আখ নিক্ষেপ কাজের জন্য আগের ঠিকাদারকে বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে। এদিকে আখের রস বের করে নেওয়ার পর ছোবড়াগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বয়লারে, যা থেকে ষ্টিম তৈরি হয়। বর্তমানে ভেগাজের অভাবে বয়লারের ষ্টিমও কমে গেছে। নতুন করে অন্য মিল থেকে ভেগাজ সংগ্রহের কাজ চলছে। তিনি আরো জানান, চলতি আখ মাড়াই মৌসুমে ১ লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে ৪৮ হাজার ১১০ মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৩৫০ মেট্রিক টন চিনি উত্পাদন করা হয়েছে।