ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি লিটন সম্পাদক বাবুল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৩৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শফিউল আলম লিটন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান বাবুল। ১১টি পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ছয়টি পদে জয় লাভ করেছে। অন্য পাঁচ পদে ২০ দলীয় ঐক্যজোট ও বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থীরা জয় পেয়েছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সঞ্জিব কুমার ভট্টাচার্য এই ফলাফল ঘোষণা করেন।

৫৪৫ ভোটারের মধ্যে ৫২৪ জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে লিটন ২৮৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২২৯ ভোট। সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোখলেছুর রহমান ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ফরহাদ আহম্মদ পেয়েছেন ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বাবুল ৩৫৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন ১৪৯ ভোট। সম্পাদক প্রশাসন পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আক্কাস আলী পেয়েছেন ১৯৮ ভোট। সম্পাদক লাইব্রেরি পদে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন ২৫৬ ভোট ও সম্পাদক অডিটর পদে অ্যাডভোকেট জাকারিয়া ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।