মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১১:০৩

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। প্রতিটি ভোট কেন্দ্র ও এর আশপাশ প্রশাসন নিরাপত্তার চাঁদরে ঢেকে রেখেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। ৬৪ বুথে ভোট হচ্ছে। মেয়র পদে দুই জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পুরুষ পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ শনিবার সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাওয়ার কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্মাতুননেছা মডেল স্কুল এন্ড কলেজ, আন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্ঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেলা পরিষদ ডাক বাংলো পুষ্টকামুরী এবং আলহাজ্ব শফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের প্রচুর উপস্থিতি এবং দীর্ঘ লাইন।

পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি ও তার সহধর্মীনি মিসেস ঝরনা হোসেন, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, আওয়ামীলীগের মেয়র প্রার্থী সালমা আক্তার শিমুল ও বিএনপির মেয়র প্রার্থী ডি এম শফিকুল ইসলাম ফরিদ। ভোট দিয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন, ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতিতে তারা সন্তোষের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও মির্জাপুর থানার অফিসার উনচার্জ মো. রিজাউল ইক দীপু জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভাল। প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়া বলেন,  মির্জাপুরে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। ১০ টি কেন্দ্র ও ৬৪ টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাইকিং ফোর্স, পুলিশ ও প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ইত্তেফাক/এমআর