তৃতীয় ধাপের ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর মধ্যে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া ৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
আরও পড়ুন: দুই কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ, ককটেল বিস্ফোরণ
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। ৬২ পৌরসভায় ৬২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মোট পাঁচদিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের আগের দুদিন, ভোটের দিন এবং ভোটের পরের দুদিন তারা দায়িত্ব পালন করবেন।
যে ৬২ পৌরসভায় ভোট হয়েছে সেগুলো হলো- কুড়িগ্রামের উলিপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দিনাজপুরের হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নওগাঁর সদর ও ধামইরহাট, পাবনা সদর, চুয়াডাঙ্গার সদর ও দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, যশোরের মণিরামপুর, রাজশাহীর মুন্ডুমালা ও কেশরহাট, নাটোরের সিংড়া, নড়াইলের সদর ও কালিয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কলারোয়া, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠী, বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, টাঙ্গাইলের সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জের সদর, রাজবাড়ীর পাংশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, মৌলভীবাজারের সদর, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর সদর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ।
দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসআই
