স্বেচ্ছাসেবী তরুণদের সম্মাননা দিল বন্ধুনীড় ফাউন্ডেশন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭

>> মিঠু মোস্তাফিজ

 

গত চার বছর ধরে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কাজের বড় প্লাটফর্ম হয়ে উঠেছে বন্ধুনীড় ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও আগামীর স্বপ্নের সোনার বাংলা—সংগঠনটির কাজের মূল ভিত্তি। গত ২৭ নভেম্বর বন্ধুনীড় ফাউন্ডেশন আয়োজন করেছিল ‘বন্ধুনীড় সম্মাননা-২০১৮’। সারাদেশ থেকে আবেদন করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্য থেকে ছয়টিকে প্রথমবারের মতো এই সম্মাননা তুলে দেয় তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান। তার উপস্থিতি দেশের জন্য স্বেচ্ছায় কাজ করা সংগঠনগুলোকে দিয়েছিল অন্যরকম সাহস। আয়োজনে সম্মাননা পেলেন রাজশাহীর সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’, মেয়েদের প্যাড সচেতনতা বৃদ্ধির জন্য ‘ডোনেট ফর প্যাড বাংলাদেশ’-এর মারজিয়া প্রভা, কক্সবাজারের প্রতিষ্ঠান ‘ইউনিটি’,  ময়ুরপঙ্খী শিশু-কিশোর সামাজিক সংস্থা ‘চলো বানাই’ এবং ব্যক্তিপর্যায়ে নারায়ণগঞ্জের মো. শরীফ হোসেন, যিনি শীতলক্ষ্যা সাংস্কৃৃতিক একাডেমির সভাপতি।

বন্ধুনীড়ের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের প্রভোস্ট, ইউআইটিএসের এডভাইজর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, লিডসাস গ্লোবাল অ্যাকশনের প্রেসিডেন্ট সাদিক আল সরকার, বঙ্গবন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জামাল হোসাইন নাহিদ।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘সারাদেশে এত তরুণ একযোগে কাজ করছে সামনে না দেখলে বিশ্বাস করতাম না, বাংলাদেশ পথ হারাতে পারে না। কাজ করে যাও, তোমরা সফল হবে বিশ্বাস করি।’ তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘স্বেচ্ছাসেবী কাজ করা ভাগ্যের ব্যাপার? বন্ধুনীড়ের উচিত সারাদেশের সকল স্বেচ্ছাসেবকদের একত্রিত করে আরও গঠনমূলক কাজ করা।’

ফাউন্ডেশনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবী কাজে অনেক বাধা পাই, এসব বাধা উত্তরণে কাজ করতে হবে সবাইকে একসঙ্গে। দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে দরকার শক্তিশালী নেটওর্য়াক। অনুষ্ঠানে ১০০ পথশিশুকে খাবার ও খেলনা সামগ্রী প্রদান করা হয়।’