যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রচুক্তির মেয়াদ বৃদ্ধির চুক্তিতে পুতিনের স্বাক্ষর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০০:২২

আমেরিকা ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সমাপ্ত হওয়ার এক সপ্তাহ আগেই মেয়াদ বাড়িয়ে স্বাক্ষর করলেন তিনি। গতকাল ক্রেমলিন এক বিবৃতিতে একথা জানায়।

ক্রেমলিন জানিয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। এই চুক্তি বাড়ানোর বিষয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক বার্তা আদান-প্রদানের বিষয়ে পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন। ইতিমধ্যে রাশিয়ার পার্লামেন্ট পাঁচ বছরের চুক্তি বর্ধিতকরণ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে প্রথম দশ বছরের জন্য এই যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছিলেন। এটি ২০১১ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়েছিল। উভয় দেশ যে পরিমাণ কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র রাখতে পারে এই চুক্তিটি তা সীমাবদ্ধ করে।