কক্সবাজার শহরে এক চা দোকানিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
শনিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবল স্টেশন সংলগ্ন ফরেস্টর গলিতে নিজ বাসার গেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত সাহাব উদ্দীন (৩৮) পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় চায়ের দোকানদার।
আরও পড়ুন: কেশবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত শাহাবুদ্দিনের ভাই দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির বলেন, বেশ কিছুদিন ধরে চিহ্নিত একটি সন্ত্রাসী গ্রুপ আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহতের ছেলে আরমান হোসেনের দাবি, শহরের চিহ্নিত সন্ত্রাসী ও ডজন মামলার পলাতক আসামি আশুআলী, সরোয়ার, রায়হান, বাবু, বাহাদুর, আতিকসহ অজ্ঞাত ৭-৮ জন তার পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তার পিতার হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন আরমান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে নিহতের পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জড়িত দুইজনের নাম আমরা পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
এ ছাড়াও নিহতের পরিবারের কাছ থেকে জড়িতদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
