স্মার্টফোনের নিরাপত্তার জন্য

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:২৫

স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে  ঠিক ততই বাড়ছে এর নিরাপত্তা বিষয়ক ঝুঁকি। অপারেটিং সমস্যা ও ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি।  এজন্য আপনার  স্মার্টফোনটি  নিরাপদ রাখার চেষ্টা করুন এখন থেকেই। অনেকেই জানেন না যে কীভাবে স্মার্টফোন নিরাপদ রাখা যায়। পাঠকদের সুবিধার্থে  কীভাবে স্মার্টফোন নিরাপদ রাখা যায় সে বিষয়ে কয়েকটি কৌশল এখানে তুলে ধরা হলো—

নিয়মিত সফটওয়্যার আপডেট করুন :স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে নিয়মিত আপডেট দিতে হয়। ব্যবহারকারীদের আরো বেশি নিরাপত্তা দেওয়ার কথা মাথায় রেখে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস প্রতিনিয়ত নতুন আপডেট দিয়ে থাকে। নতুন আপডেটগুলোতে নানা ধরনের নিরাপত্তা ত্রুটি (বাগ) ফিক্সড করা হয়ে থাকে। তাই ব্যবহারকারীদের উচিত স্মার্টফোনের নিরাপত্তার জন্য অপারেটিং সিস্টেমটি সব সময় আপডেট রাখা। এতে নিরাপত্তার বিষয়টি আরো জোরদার হয়।

অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকুন :
প্রায়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সংবাদ প্রকাশিত হয়।  বেশিরভাগ সময় এই কাজের জন্য হাকাররা থার্ডপার্টি অ্যাপ এর সহায়তা নিয়ে থাকে। নানা কৌশলে ফোন হ্যাকিং বা ফোনের মধ্য থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে থাকে হ্যাকাররা। তাই ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার যেন না থাকে সে ব্যবস্থা করতে হবে। এ জন্য অচেনা-অজানা প্রেরকের মেইল বা কোনো অহেতুক অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইন্সটল করা যাবে না। কেননা অনেক অ্যাপ্লিকেশনের আড়ালে ভাইরাস লুকিয়ে থাকে। হ্যাকাররা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোনে ভাইরাস পাঠায়। এ ব্যাপারে সাবধান থাকতে হবে।

ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হোন : কোথাও কোথাও ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ পাওয়া যায়। এমন নেটওয়ার্ক ব্যবহার সবচেয়ে বিপদজনক। কেননা অনেকে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের কৌশল অবলম্বন করে হ্যাকাররা স্মার্টফোনটির নিয়ন্ত্রণ নিয়ে তথ্য চুরি করতে পারে। এ কারণে  ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে নিজেকে সতর্ক রাখুন।

এন্টি ভাইরাস ব্যবহার :ডিভাইসটিতে যেন ভাইরাস ঢুকতে না পারে সেজন্য সচেতন থাকলেও অনেক সময় ব্যবহারকারীদের অজান্তেই ভাইরাস প্রবেশ করতে পারে। তাই নিরাপত্তার জন্য এন্টিভাইরাস ব্যবহার করা উচিত। অ্যান্ড্রয়েডের প্লেস্টোরে বা অ্যাপলের আইওএসে রয়েছে নানা এন্টিভাইরাস অ্যাপ।

স্ক্রিন লক :স্মার্টফোনটি নিরাপদে রাখতে লক স্ক্রিন ব্যবহার করা উচিত। কেননা মনের ভুলে ফোনটি কোথাও রেখে গেলে অন্য কেউ স্মার্টফোনটিতে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিতে পারে। আর হারিয়ে গেলেও ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে।

তাই স্মার্টফোনটিতে সব সময় স্ক্রিন লক ব্যবহার করা উচিত। এ জন্য পাসওয়ার্ড শক্তিশালী হতে হবে, যেন ধারণা করে অন্য কেউ লক খুলতে না পারে।