চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারী হাটের বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাচ্ছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইটের সাথে সংযুক্ত দীর্ঘ ৩ কিমি আবদুল বারী হাট সড়কে বরুমতি খালের উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতন ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিন এ সড়কটি দিয়ে ভগবান চৌধুরী হাট, হাশিমপুর বাগিচা হাট, সাতবাড়িয়া নাজির হাট ও উপজেলা সদর এলাকায় যাতায়াত করে লোকজন। এ ছাড়াও পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া, সাতবাড়িয়া ইউনিয়নের বহু স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে থাকেন। বেইলি ব্রিজের পাটাতন মেরামত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আবুল কাসেম বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজের পাটাতন ভেঙে গেলেও সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে যে কোনো সময়ে পথচারিদের দুর্ঘটনার শিকারের আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জাহেদ হোসেনের সাথে কথা হলে তিনি দ্রুত আবদুল বারী হাট সড়কের বেইলি ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
