রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এদিকে, মদপান করিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওই তরুণীর বন্ধুসহ তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার ওই তরুণী ও তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি রেস্তোরাঁয় গিয়ে মদপান করেন। ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি বাসায় চলে যান। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন তার ছেলে বন্ধু। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু এবং ওই বাসার মালিক ওই তরুণীকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তরুণীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শহীদ মিনার এলাকায় নারীকে হত্যা
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই তরুণীর বাবা খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন। তরুণীর মৃত্যুর আগে তিনি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা ওই তরুণীর ছেলে বন্ধুসহ তিনজন আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
