রায়পুরে রমরমা কোচিং বাণিজ্য

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

 

নীতিমালা মানছে না কেউ

 এম আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি নীতিমালার তোয়াক্কা না করে কোচিং সেন্টারে পড়ানোর প্রতি অধিক মনোযোগী হয়ে পড়েছেন শিক্ষকরা—এমন অভিযোগ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। এতে শিক্ষকরা কোচিংমুখী হওয়ায় বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পড়া অনেকটা নিষ্প্রভ বলে মনে করছেন অভিজ্ঞমহল। শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা না থাকায় শিক্ষকরাও অবাধে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

উপজেলার পৌর শহরের বিভিন্ন অলি-গলিতে বিভিন্ন কোচিং সেন্টারের নামে সাইনবোর্ড লাগিয়ে চালানো হচ্ছে রমরমা কোচিং বাণিজ্য। শহরের নামি-দামি স্কুল-কলেজের আশপাশে এমনই বহু কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্থানীয় নামি-দামি বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা ভোর থেকে রাত পর্যন্ত এসব কোচিং সেন্টারে পড়ানো নিয়ে ব্যস্ত থাকেন। প্রতিটি কোচিং সেন্টারে ব্যাচপ্রতি ২৫-৩০ জন করে ছাত্র-ছাত্রী রয়েছে বলে জানা যায়। সরকার প্রজ্ঞাপন জারি করে কোচিং নিষিদ্ধ করলেও উপজেলা মনিটরিং কমিটির দৃশ্যত কোনো কার্যক্রম না থাকায় কোচিং বাণিজ্য ভয়ঙ্কর আকার ধারণ করেছে এ উপজেলায়।

পৌর ৬ নং ওয়ার্ডের এক অভিভাবক ও আওয়ামী লীগ নেতা সুভাষ বাবু রায় বলেন, সঠিকভাবে পড়াশোনা হলে কোনো শিক্ষার্থী কোচিংয়ে ভর্তি হতো না। সামর্থ্যবানরা সন্তানদের সুবিধা দিতে পারলেও স্বল্প আয়ের অভিভাবকদের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমান কোচিংবাজ শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা।

পৌর শহরের এক মাদ্রাসার প্রধান ও অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা বাসা-বাড়ি থেকে না খেয়ে সকাল ৬টায় কোচিংয়ে আসে। এরপর বিদ্যালয়ে এসে ক্লান্ত হয়ে পড়ে। অনেক শিক্ষক আছে ছাত্র-ছাত্রীরা তাদের কাছে কোচিং না করলে পরীক্ষা দেখে নেওয়ার হুমকিও দিয়ে থাকেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, প্রাইভেটের নামে অনেক শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার বিষয়টি খুবই দুঃখজনক। নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কোচিং সেন্টারে পড়াতে পারেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায় বলেন, নীতিমালার তোয়াক্কা না করে কোনো শিক্ষক যদি ক্লাসে মনোযোগী না হয়ে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তবে সেটা সম্পূর্ণ অনৈতিক। কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।