হবিগঞ্জে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেছে সাব্বির আহমেদ (১৮) নামে এক যুবকের। নিহত সাব্বির উপজেলার গোয়ারুয়া গ্রামের মুখলেছ মিয়ার ছেলে। সে স্থানীয় বাজারের মুদি দোকানের কর্মচারী। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী জানান, সোমবার বিকেলে সাব্বির আহমেদ উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এ সময় সে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. মিঠুন রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।