মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে স্ত্রীর করাতের আঘাতে স্বামী সুদর্শন মজুমদারের (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জোরারগঞ্জ থানাধীন দেওয়ানপুর গ্রামে সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী লাকী মজুমদারকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সুদর্শন মজুমদারের দ্বিতীয় স্ত্রীর নাম প্রিয়াংকা মজুমদার। দুই স্ত্রীকে নিয়ে আলাদা দুটি ঘরে বাস করে আসছিলো সুদর্শন। পারিবারিক বিষয় নিয়ে সোমবার বিকেলে কথাকাটাকাটির জের ধরে লাকী মজুমদারকে মারধর শুরু করে সুদর্শন। দুইজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে লাকি লাঠি দিয়ে আঘাত করে সুদর্শনকে। অজ্ঞান হয়ে যাওয়ার পর করাত দিয়ে গলা কেটে দেয় লাকি। এতে ঘটনাস্থলেই মারা যায় সুদর্শন।
ধস্তাধস্তি টের পেয়ে সুদর্শনের ২য় স্ত্রী প্রিয়াংকা মজুমদার আশপাশের লোকজনকে ডেকে নিয়ে আসে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, ঘটনাস্থল থেকে সুদর্শনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনার জড়িত থাকার অপরাধে সুদর্শনের ১ম স্ত্রী লাকী মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
