মা-মেয়েকে কুপিয়ে হত্যার আসামি গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬

কক্সবাজারে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার মূল আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার ভোরে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে একটি দল।

রাজধানীর সিআইডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য জানান। 

আরও পড়ুন: কেশবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হাবিবুর রহমান বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচী রাশেদা বেগমকে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন আবুল কালাম। তখন রাশেদার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে কালাম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

ইত্তেফাক/জেডএইচ