আবুধাবির মুসাব্বা শিল্প নগরীতে বাংলাদেশি শ্রমিকদের দুরবস্থা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

দীর্ঘ সাত মাস ধরে আবুধাবির মুসাব্বা শিল্প নগরীতে কর্মরত বাংলাদেশি প্রায় দেড় হাজার শ্রমিক বেতনভাতা না পেয়ে অনাহারে অর্ধাহারে বিনা চিকিত্সায় মানবেতর জীবন যাপন করছেন। বাসস্থান জনসংখ্যা অনুপাতে ছোট হওয়ায় গাদাগাদি করে থাকার ফলে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে অনেকে সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ তাঁদের মৌখিক সান্ত্বনা ছাড়া তেমন কিছু করতে পারছেন বলে মনে হয় না। বাংলাদেশ থেকে অসহায় দরিদ্র মানুষ সামান্য সম্বলটুকু বিক্রি করে বিদেশে পাড়ি জমায়। সুতরাং বাংলাদেশ থেকে এদের পরিবারের পক্ষে কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব নয়। সরকারের শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি। অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ ঘোচাতে সরকারের তরফ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে—এটাই আমাদের প্রত্যাশা।

আব্বাসউদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট