ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মূলত প্রাথমিক-মাধ্যমিক স্কুলকেন্দ্রিক কলেজ। ছাত্রীসংখ্যা স্কুল শাখায় প্রায় ২২ হাজার ও কলেজ শাখায় ১৫০০। যেহেতু স্কুলকে কেন্দ্র করে একাডেমিক ও প্রাশাসনিক কর্মকাণ্ড চলে, সেখানে অধ্যক্ষ নিয়োগের সময় স্কুল শাখার যোগ্যতাসম্পন্ন শিক্ষকবৃন্দ অধ্যক্ষ পদের জন্য আবেদন করতে পারেন না। অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তিতে কেবল কলেজের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়। কলেজ-শিক্ষকদের স্কুলের পাঠদানের কোনো অভিজ্ঞতা নেই এবং একাডেমিক কোনো ডিগ্রিও নেই। যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পূর্ব শর্ত দেওয়া হয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতার জন্য বিএড ট্রেনিং বাধ্যতামূলক। কলেজ-শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এ জাতীয় কোনো প্রশিক্ষণের বাধ্যবাধকতা নেই। যে স্কুলসমূহে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠদান করা হয়, সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে অধ্যক্ষ নিয়োগ বিধিমালা পরিবর্তন করা দরকার। মাধ্যমিক শাখার শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কলেজ-শিক্ষকদের যেখানে মাধ্যমিক স্তরে পাঠদানের এবং স্কুল পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। সেইক্ষেত্রে স্কুল ও কলেজ শাখার জন্য কলেজ-শিক্ষকদের অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক শাখার অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা, বিএড ট্রেনিং বাধ্যতামূলক হওয়া জরুরি। যেহেতু ছাত্রীসংখ্যা স্কুল শাখায় বেশি সেক্ষেত্রে স্কুলের যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মাঝ থেকে অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
ড. ফারহানা খানম
সহকারী অধ্যাপক, টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা
