কয়েক সেকেন্ডে সবচেয়ে ঝাল তিনটি মরিচ খেয়ে বিশ্বরেকর্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৯

মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচগুলোর তিনটি খেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এক ব্যক্তি। মাইক জ্যাক নামের ওই ব্যক্তির বাড়ি কানাডার অন্টারিওর লন্ডন শহরে।

গত বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ফেসবুক পেজে মরিচ খাওয়ার ভিডিওটি পোস্ট করে তথ্যটি নিশ্চিত করেছে। অবশ্য রেকর্ডটি হয়েছে গত বছরের ২১ নভেম্বর। এটি করতে মাইক জ্যাকের সময় লেগেছে ৯ দশমিক ৭২ সেকেন্ড।

জানা যায়, তিনি যে তিনটি মরিচ খেয়েছেন সেগুলো হলো- জলপিয়োস, সেরানানোস ও হাবেরেরোগুলি। এগুলোর উত্তাপের রয়েছে বিভিন্ন মাত্রা। স্কোভিলে স্কেল ব্যবহার করে এগুলোর তাপ পরিমাপ করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে মতে, বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ হলো ক্যারোলিনা রিপার। ২০১৭ সালে এটিকে সবচেয়ে ঝাল মরিচের স্বীকৃতি দেয়া হয়। এর হিট ইউনিট ১ দশমিক ৫ মিলিয়ন স্কোভিল।

এর আগে আরও ৩ বার গিনেস বুক রেকর্ডে নাম লিখিয়েছেন কানাডার এই ব্যক্তি। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি প্রথম রেকর্ডটি করেন। সে সময় তিনটি ভুট জোলোকিয়া মরিচ খেয়েছিলেন মাত্র ৯ দশমিক ৭৫ সেকেন্ডে। একই বছরের ২ মার্চ পরবর্তী রেকর্ডটি করেন। তখন এক মিনিটে ৯৭ গ্রাম ভুট জোলোকিয়া মরিচ খেয়েছিলেন।

ইত্তেফাক/টিআর