মো. শীষ রহমান, নীলফামারী প্রতিনিধি
বসুন্ধরা কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের লড়াইয়ের মধ্য দিয়ে আজ বুধবার পেশাদার ফুটবল লিগের ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। বিকাল ৩টায় শুরু হবে খেলাটি।
নীলফামারীর এই স্টেডিয়ামকে বড় বাজেটের দল বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসাবে বেছে নেয়। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিকচার অনুযায়ী এরপর ৩০ জানুয়ারি নোফেল স্পোর্টিং ক্লাব, ১৪ ফেব্রুয়ারি রহমতগঞ্জ এমএফএস, ২৪ ফেব্রুয়ারি আরামবাগ ক্রীড়া সংঘ, ৫ মার্চ শেখ রাসেল কেসি লিমিটেড, ১১ এপ্রিল সাইফ স্পোর্টিং ক্লাব এবং ১৮ এপ্রিল চিটাগাং আবাহনীর বিরুদ্ধে খেলবে তার দল।
বিপিএলের এই খেলাকে ঘিরে নীলফামারীতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার আরিফ হোসেন মুন জানান, গত ১৯ জানুয়ারি থেকে বিপিএল খেলার টিকিট ছাড়া হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ ৩০ টাকা, চেয়ার ১৫০ টাকা এবং ভিআইপি ৫০০ টাকা। মহিলাদের জন্য আলাদা গ্যালারির ব্যবস্থা রয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে সব স্থানেই।
এ খেলাটি উপভোগ করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বাফুফের সভাপতি কাজি সালাউদ্দিন, স্বাগতিক বসুন্ধরা কিংস’র চেয়ারম্যানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন সংগঠকরা।
উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলের প্রীতিম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল নীলফামারীর দৃষ্টিনন্দন এই শেখ কামাল স্টেডিয়ামের। এরপর ২১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ও মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবও খেলেছে এ মাঠে।
এই খেলাগুলোয় বিপুল দর্শকের উপস্থিতি দেশের ফুটবলামোদীদের কাছে প্রশংসিত হয়েছিল।
