রোমাঞ্চ ছড়ানো ম্যাচ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

স্পোর্টস রিপোর্টার

সাইফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে হেরেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলার ৭৫ মিনিট পর্যন্ত সাইফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এগিয়ে ছিল। দর্শকও বুঝতে পারছিল কোচ শফিকুল ইসলাম মানিকের শেখ জামালের আর কোনো গতি নেই। ম্যাচ হারতেই হবে। দুর্দান্ত দুটি গোল করেছে। ২১ মিনিটে সাইফের ফয়সাল আহমেদ মানিক বল নিয়ে বক্সে ঢুকে জামালের গোলকিপার জিয়াকে অসাধারণ একটা ডজ দিয়ে গোল করেন ১-০।

প্রথমার্ধের যোগ হওয়ার টাইমে এই ফাহিমের নাইজেরিয়ান জন ওকোলি শেখ জামালের ডিফেন্ডার আলাউদ্দিনকে কাটিয়ে গোল করেন ২-০। ম্যাচের এমন ছবি দেখে কাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা দর্শকও বলছিলেন আজ মানিকের কপালে ভালো কিছু নেই। এই কথা শুনে ঝালমুড়ি বিক্রেতা বলযোগ করলেন,‘আরে না ভাই। এটা ফুটবল। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে।’ সাইফ স্পোর্টিং অপেক্ষায় ছিল কখন রেফারি জালাল উদ্দিন খেলা শেষ করবেন। নিজেরও গুছিয়ে মাঠ ছাড়ার একটা মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। আর পাশের ডাগআউটে শেখ জামাল তখন উত্কণ্ঠায়। ম্যাচটা হারের পথে। বেঞ্চে বসা খেলোয়াড়দের চোখেমুখে ছিল রাজ্যের হতাশা। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় কোচ মানিকের মুখটা কালো নিকষ অন্ধকারে ডেকে গিয়েছিল। ম্যাচের ৭৫ মিনিটে পর্যন্ত সাইফেরা এগিয়ে থাকল। কিন্তু শেষ ২৫ মিনিটে সব কিছু উলটে গেল।

বেলজিয়ান কোচ পল পুটের সাইফ স্পোর্টিংকে লন্ডভন্ড করে দিয়েছে মানিকের শেখ জামাল। সাইফের গোলমুখে ঝড় বইয়ে দিল। ৭৫ মিনিটে গাম্বিয়ান সলোমন কিং কনফর্ম গোল করেন ১-২। ৭৭ মিনিটে বদলি ফরোয়ার্ড নুরুল আবসার গোল করলে সমতা আনেন ২-২। মানিকের উত্কণ্ঠা আরো বেড়ে যায়। পাশের ডাগ আউটে পিলে চমকে যায় সাইফের। তখনো মাচের নাটকীয়তা বাকি। ম্যাচের অন্তিম সময়ে ওমর জোবের একটি শট গিয়ে লাগে বক্সে দাঁড়ানো অধিনায়ক রিয়াদুল হাসান রাফির হাতে। পেনাল্টি পায় শেখ জামাল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন গাম্বিয়ান সলোমন কিং কনফর্ম ৩-২। শুধু চমকই নয় রোমাঞ্চ ছড়ানো বিনোদনের এক ম্যাচ দেখেছেন দর্শক। সাইফের জয় কেড়ে নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেখ জামালে। পাঁচ ম্যাচে সাইফের সাত পয়েন্ট। বৃস্পতিবার বঙ্গবন্ধু স্টেডয়ামে পুলিশ ও রহমতগঞ্জ ম্যাচ, বিকাল ৪টায়।