ব্যর্থতার দায় নিলেন মাহমুদউল্লাহ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

কাগজে-কলমে শক্তিমত্তার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের অন্যতম খর্ব শক্তির দল ছিল খুলনা টাইটান্স। অতীতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে এমন মাঝারি মানের দল গড়েই বিপিএল সমীহ জাগানো পারফরম্যান্স উপহার দিয়েছিল খুলনা। কিন্তু এবার হতাশার বিপিএল কাটাচ্ছে দলটি। আট ম্যাচের সাতটিতেই হেরে গেছে তারা। প্লে-অফের দৌড় থেকেও ছিটকে পড়েছে দলটি।

গতকাল রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতার দোষ নিজের ঘাড়েই নিয়েছেন তিনি। তবে যেমন পারফরম্যান্স হয়েছে, খুলনা দলটা এত কম শক্তির বলে মনে করেন না মাহমুদউল্লাহ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এর চেয়ে হয়তো খারাপ (কাগজে-কলমে) দল নিয়েও আমরা ভালো খেলেছি। কিন্তু এবার এর চেয়ে ভালো দল নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফল পাইনি। আপনারা হয়তো কাগজে-কলমে খুলনাকে এগিয়ে না রাখলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দলটির সেরা চারে খেলার সম্ভাবনা ছিল। আমি হয়তো ভালো লিড করতে পারিনি, ফ্র্যাঞ্চাইজি যতটা আশা করেছে আমার কাছ থেকে আমি দিতে পারিনি। দোষটা আসলে আমার।’ গতকাল রংপুরের বিপক্ষে ৬ উইকেটে ১৮১ রানের বিশাল স্কোর গড়েছিল খুলনা। কিন্তু গেইল, ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ হেরে গেছে দলটি। তিন বল বাকি থাকতেই চার উইকেটে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয় রংপুর। বিপিএলের বাইরে ফ্র্যাঞ্চাইজ টি-২০ লিগের মধ্যে পিএসএল, সিপিএল খেলেছেন মাহমুদউল্লাহ। কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হননি বলে উল্লেখ করেছেন তিনি। খুলনার ব্যর্থ মিশনে হতাশা লুকাতে পারেননি তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘আমার ক্যারিয়ারের যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি এখন পর্যন্ত এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাইনি। এখান থেকে হয়তো অনেক কিছু শিখতে পারবো।’