রাজশাহীতে জনসন চার্লস

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের শুরু থেকেই ব্যাটিংয়ে ধুঁকছিল রাজশাহী কিংস। বিশেষ করে পাওয়ার প্লে’র সঠিক ব্যবহারই করতে পারছিল না দলটি। নিজেদের শেষ ম্যাচে রানের খরা বেশ কাটিয়ে উঠেছে রাজশাহী। লরি ইভান্সের সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ১৭৬ রানের বড় স্কোর গড়েছিল মেহেদী হাসান মিরাজের দল। সাত ম্যাচের চারটিতে জিতে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে দলটি।

বিপিএলের বাকি ম্যাচগুলোর জন্য রাজশাহী উড়িয়ে এনেছে ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লসকে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।

চার্লসকে পেয়ে ওপেনিংয়ে ভালো শুরুর আশা করছে রাজশাহী। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে দলটির সহকারী কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘এই জায়গায় (টপ অর্ডার) শুরু থেকেই আমাদের কম্বিনেশন হচ্ছে না। এখন বোধহয় ঠিক হয়ে যাবে, আমাদের দলে চার্লসও এসেছে। এই সমস্যাটা হয়ত এখন আমরা কাটিয়ে উঠতে পারব।’