চান্দিনায় স্কুল ছাত্রীকে হয়রানির দায়ে এক জনকে কারাদণ্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে তোফায়েল (২২) নামে এক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ এ দণ্ডাদেশ দেন। তোফায়েল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের লেছু মিয়ার ছেলে। সে চান্দিনার পানিপাড়া বাজারে নির্মাণশ্রমিকের কাজ করে। চান্দিনার মাইজখার ইউনিয়নের দিদার জানান, এদিন ঐ ছাত্রী বাড়ির সামনের রাস্তায় ঘুরতে বের হলে তোফায়েল প্রকাশ্যে তাকে জাপটে ধরে শ্লীলতাহানী করে। এ সময় এলাকার লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।