পেশাদার লিগ আবার মাঠে গড়াচ্ছে আজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

দেশের শীর্ষ ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ।

এ রাউন্ডে আজকের খেলাদুটির মধ্যে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অপর খেলায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে লড়বে স্বাগতিক বসুন্ধরা কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। উভয় খেলাই শুরু হবে বিকাল ৩টায়।

আবাহনী শিরোপাধারী ও বসুন্ধরা কিংস পেশাদার লিগে নবাগত হওয়াতেই মূলত দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হয়ে গেল। তবে চলতি মৌসুমে উভয় দলই ইতোমধ্যে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। আবাহনী ফেডারেশন কাপ ও বসুন্ধরা স্বাধীনতা কাপ জিতে। উভয় দলই প্রথম রাউন্ডে নিজ নিজ খেলায় জিতেছে।

সঙ্গত কারণেই নীলফামারীতে দলদুটি জয়ের জন্যই মরিয়া লড়াই চালাবে বলে ধারণা করছেন ফুটবলামোদীরা।