ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি কোষাগার থেকে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম (৩৪) ও দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সোমবার রাতে দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম মন্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ক্যাশ সরকার’ পদে কর্মরত ও সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাটিকোমরা গ্রামের আরশাদ আলীর ছেলে এবং মাহাফুজুর রহমান দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ‘অডিটর’ পদে কর্মরত ও দিনাজপুর সদর উপজেলার কসবা এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। দিনাজপুর ডিবি পুলিশ সোমবার তাদের গ্রেফতার করেছে।
