‘গুড নিউজ’ নিয়ে কারিনা কাপুর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

বিনোদন ডেস্ক

 

নির্বাচনী খবর নিয়ে কয়েকদিন ধরেই কারিনাকে নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। কিন্তু সবশেষে বিষয়টি নাখোশ করে দিলেন কারিনা। তাই তাকে নিয়ে আলোচনার ঝড়টা এখন একটু কমেছে। এরমধ্যে একটি ভালো খবর দিলেন কারিনা কাপুর। এই অভিনেত্রী অভিনীত ‘গুড নিউজ’ চলচ্চিত্রটি মুক্তি পাবে ৬ সেপ্টেম্বর।

এই চলচ্চিত্রে কারিনার বিপরীতে অভিনয় করবেন অক্ষয় কুমার। তিন বছরের ছোট একটি বিরতির পর আবার বড়পর্দায় হাজির হচ্ছেন তারা। মুক্তির খবর আগেই প্রকাশ করলেও সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। ছবির প্রযোজক করণ জোহর তার টুইটার অ্যাকাউন্টে ছবি মুক্তির তারিখ জানিয়েছেন। জানা যায়, এরইমধ্যে ছবির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ।

ছবিতে অক্ষয় ও কারিনাকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান হয় না। সেকারণে তারা সারোগেসি তথা গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সন্তান নেওয়ার চেষ্টা করেন। অক্ষয়-কারিনা ছাড়াও এই ছবিতে দিলজিত্ দোসাঞ্জ ও কায়ারা আদভানিকে পাঞ্জাবি দম্পতির ভূমিকায় দেখা যাবে। ছবিতে তারাও একই উপায়ে সন্তান নেওয়ার চেষ্টা করেন। এটি পরিচালনা করছেন রাজ মেহতা।