রাবি সংবাদদাতা
২৯ বছর যাবত্ বন্ধ থাকা রাকসু নির্বাচনসহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার বিকেল ৫টার দিকে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে তারা উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে রাকসু নির্বাচনের জোর দাবিসহ মোট ৯ দফা দাবি জানান। ছাত্রলীগের অন্য দাবিগুলো হলো- রাকসু ভবন সংস্কার, আসবাবপত্র ক্রয় ও ভবন এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে; বিশ্ববিদ্যালয় থেকে সাবেক উপাচার্য রাজাকার অধ্যাপক ড. সৈয়দ সাজ্জাদ হোসেনের নাম ও ছবি অপসারণ করতে হবে, সান্ধ্য আইন বাতিল করতে হবে, বাসের ট্রিপ বৃদ্ধিসহ বাসস্ট্যান্ড সংস্কার করতে হবে, গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নসহ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত করে দিতে হবে, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করতে হবে, অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে প্রয়োজনীয় স্থানে স্থায়ী গতিরোধক নির্মাণ করতে হবে। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান উপস্থিত ছিলেন।
