কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে র্যাবের গাড়ি দেখে স্ত্রী ও মোটরসাইকেল ফেলে পলায়ন করেছে জেলা শহরের মণিপুরঘাট এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শহীদ আলী।
র্যাব তার স্ত্রীকে আটক করার পর তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করে ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯০০ টাকা এবং বিভিন্ন ব্যাংকের ২৫ লাখ টাকার স্বাক্ষরকৃত কয়েকটি চেক। পরে তার দেখানো মতে মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও ২ হাজার ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী আগ্নেয়াস্ত্র ও ইয়াবা তার স্বামীর বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মণিপুর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। র্যাবের গাড়ি দেখে মোটরসাইকেল চালক শাহীদ আলী পেছনে বসা তার স্ত্রী ফাতেমা আক্তার ও মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায়। ক্যাম্পের অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার শোভন খান জানান, শহীদ আলী ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। ফাতেমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পলাতক শহীদ আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কিশোরগঞ্জ মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
