বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন
বরিশাল অফিস
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও সমমনাদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হলেন যথাক্রমে বর্তমান সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক শেখ হুমায়ন কবির মাসউদ।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল জানান, সোমবার রাতে সংগঠনের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি সম্পাদকীয় পদে প্রার্থী চূড়ান্ত হলেও পুরো প্যানেল এখনও ঘোষণা হয়নি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মোকতার হোসেন সরদার তাদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিশ্চিত হয়েছে।
শহীদ আলাউদ্দিন স্মরণে
সভা-প্রতিকৃতি প্রদান
‘৬৯ এর গণঅভূত্থানের শহীদ আলাউদ্দিন স্মরণে বরিশালে আলোচনা সভা ও তার প্রতিকৃতি একে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে শহীদ আলাউদ্দিন পরিষদ। মঙ্গলবার একে স্কুলে এই অনুষ্ঠান হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সহকারী প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদের কাছে প্রতিকৃতি হস্তান্তর করে পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, সদস্য সচিব অধ্যাপক নজরুল হক নিলু, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, অ্যাডভোকেট একে আজাদ, আব্দর রশিদ খন্দোকার প্রমুখ। পরে শহীদ আলাউদ্দিনের স্মৃতিচারণ করা হয়।
উল্লেখ্য, পটুয়াখালীর কলাপড়া উপজেলার হাজীপুর গ্রামে জন্ম শহীদ আলাউদ্দিনের। তিনি ১৯৬৯ সালে একে স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। ‘৬২ সালে স্বৈরশাসক আইয়ুবের বিরুদ্ধে যে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল তা পরবর্তী সময়ে ১৯৬৯ সালে গণবিক্ষোভে রূপ নেয় এবং সারাদেশে ছড়িয়ে পড়ে। ‘৬৯-এর ২৮ জানুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে বরিশালের ছাত্র-জনতা মিছিল বের করলে বরিশাল নগরীর সদর রোডে ইপিআরের গুলিতে মারা যান আলাউদ্দিন।
