অভিনয়ের মুগ্ধতায়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৮

অ জে য়  চৌ ধু রী

 

একজন নাদিয়া আহমেদ অন্যজন সালহা খানম নাদিয়া। দুজনই অভিনয় করছেন দেশ টিভিতে প্রচার চলতি দর্শকপ্রিয় ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ নামের ধারাবাহিক নাটক। নাদিয়া অভিনয় করছেন অনন্যা চরিত্রে, সালহা খানম নাদিয়া অভিনয় করছেন অপ্সরা চরিত্রে। দুজনই অনন্য ইমন পরিচালিত ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ নাটকে নিজেদের চমত্কার অভিনয় দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছেন। অনন্য ইমনও জানান, অনন্যা এবং অপ্সরার কারণে এই নাটকের দর্শকপ্রিয়তাও বাড়ছে দিনদিন। অনন্য ইমন বলেন, ‘অনন্যা ও অপ্সরা চরিত্রে নাদিয়া এবং সালহা খানম নাদিয়ার অসাধারণ অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। একজন পরিচালিক হিসেবে আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বেশ সাড়া পাচ্ছি। দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ কারণেই যে— দুজনই তাদের নিজ নিজ চরিত্র যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করে যাচ্ছেন। এর আগে আমি ‘রেইন ফরেস্ট’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলাম। এটি আমার দ্বিতীয় ধারাবাহিক নাটক। দ্বিতীয় ধারাবাহিকে এতো সাড়া পাবো, ভাবিনি। ধন্যবাদ এই নাটকের সকল শিল্পী কলাকুশলী, চ্যানেল এবং দর্শকের প্রতি।’ অনন্য ইমন জানান, গত মঙ্গলবার নাটকটির ৫৮তম পর্ব প্রচার হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি বেশ আদুরে। একজন বড় বোন হিসেবে আমার যে দায়িত্ব পালন করার কথা আমি তা করি। নাটকে আমার ছোট বোনের চরিত্রে অভিনয় করছে নাদিয়া। তার চরিত্রটি বেশ দুষ্টু ও মিষ্টি একটি চরিত্র, আমার বোন যেমন হওয়ার ঠিক তেমনি। আমরা দুজনই বেশ আনন্দ নিয়ে কাজ করি।’ নাটকটি রচনা করেছেন আদিত্য জায়িদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, ‘ফ্যামিলি ফ্যান্টাসির গল্পটা এখন বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এই নাটকে আমার বড় বোনের চরিত্রে নাদিয়া আপু অভিনয় করছেন। তিনি আমাকে বেশ স্নেহ করেন। আপন বোনের মতোই আদর করেন। আমরা বেশ মজা করতে করতেই কাজটি করি।’ এই নাটকে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছেন ইরফান সাজ্জাদ, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী নাগ, কাজী উজ্জ্বল, শিরীন আলম, শাহরিয়ার নেওয়াজ জনি, মোস্তফা প্রকাশ সহ আরো অনেকে। ক্যামেরাম্যান হিসেবে আছেন মশিউর রহমান ও মিঠু মনির, মেকাপ আর্টিস্ট হিসেবে আছেন হাবিব এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন বকর। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ দেশ টিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত রাত ৮.১৫ মিনিটে প্রচার হয়।