বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে অ্যাসিড ও ভারী পণ্য রাখায় কয়েক হাজার মানুষ অসুস্থ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৫

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে অ্যাসিড ও ভারী পণ্য রাখায় বন্দরের আশপাশে বসবাসরত কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এসিডের বিক্রিয়ায় বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন এলাকাবাসী বিষয়টি অভিযোগ আকারে বন্দর কর্তৃপক্ষকে জনালেও কোনো কাজ হয়নি।

বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের গা ঘেঁষে বসবাসকারী বদরুল আলম ও আব্দুল জব্বার জানান, বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক রাখার কথা থাকলেও সেখানে নিয়ম বহির্ভূতভাবে রাখা হচ্ছে আমদানি করা এসিড ও ভারী লৌহ জাতীয় দ্রব্য। সেখানে ভারতীয় ট্রাক চালকদের জন্য নির্মাণ করা হয়েছে বাথরুম। বাথরুম করা হলেও ড্রেনের মধ্যে প্রকাশ্যেই কাজ সারছেন চালকরা। ফলে মলমূত্র ও এসিড গিয়ে পার্শ্ববর্তী বাড়িঘরে ঢুকে পড়ে নষ্ট হচ্ছে পরিবেশ।

বেনাপোল বন্দরের উপপরিচালক আ. জলিল জানান, বিষয়টি মানবিক বিবেচনা করে বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।