নরসিংদী প্রতিনিধি
মঙ্গলবার ভোররাতে নরসিংদীতে স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী আমান উল্লা। তাছলিমা (২৮) জেলার পৌলানপুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে।
তাছলিমার ছোট বোন ইয়াছমিন জানায়, প্রায় ১৩ বছর আগে মহিষাশুরা ইউনিয়নের বথোয়াদি গ্রামের সফুর উদ্দিনের ছেলে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহর সঙ্গে তাছলিমার বিয়ে হয়। কয়েক মাস আগে আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে। এরপর তাছলিমা বাবারবাড়ি চলে আসে। ঘটনার দিন আমান উল্লাহ শ্বশুরবাড়িতে আসে এবং ক্ষমা চাইলে তার বাবা-মা তাকে রাতযাপনের অনুমতি দেন। ভোররাতে হঠাত্ তাছলিমার চিত্কার শুনে বাবা-মা মেয়ের ঘরে গিয়ে দেখেন গলা থেকে পা পর্যন্ত এসিডে ঝলসে গেছে। তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। আমান উল্লাহ ঘুমন্ত অবস্থায় স্ত্রীর উপর এসিড ঢেলে পালিয়ে যায়।
মাধবদী থানার ওসি আবু তাহের আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তাছলিমার বাবা খোরশেদ আলম থানায় অভিযোগ দায়ের করেছেন। আমান উল্লাহকে ধরতে অভিযান চানানো হচ্ছে।
