বগুড়ায় পোলট্র্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সপ্তমতলার পোলট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ভোর সোয়া ৬টার দিকে নারায়ণ দেবনাথ ও রশিদুল ইসলাম নামের দুই শ্রমিক ৫০ কেজি ওজনের ছয় বস্তা মুরগির খাবার নিয়ে লিফট দিয়ে ওপরে উঠছিলেন। ছয় তলায় পৌঁছামাত্র হঠাত্ লিফটের ওয়ার (মোটা তার) ছিঁড়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত রশিদুল ইসলাম পঞ্চগড় জেলা সদরের ও নারায়ণ দেবদাস একই জেলার বোদা থানার কামারমারিয়া গ্রামের বাসিন্দা। তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মোস্তফা জামান জানান, দুর্ঘটনাবসত এ ঘটনা ঘটেছে। তাছাড়া ঐ লিফট দিয়ে শুধু মুরগির খাবারের বস্তা ওঠানোর কথা। কোনো শ্রমিকের ওঠার কথা না। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।